হৃদয়, নিঃশব্দে বাজো; তারকা, কুসুম, অঙ্গুরীয়—

এদের কখনো আরো সরব সংগীত শোনাবো না।

বধির স্বস্থানে আছে; অথবা নিজের রূপে ভুলে

প্রেমিকের তৃষ্ণা দ্যাখে, পৃথিবীর বিপণিতে থেকে।

কবিতা লিখেছি কবে, দু-জনে চকিত চেতনায়।

অবশেষে ফুল ঝ’রে, অশ্রু ঝ’রে আছে শুধু সুর।

কবিতা বা গান… ভাবি, পাখিরা— কোকিল গান গায়

নিজের নিষ্কৃতি পেয়ে, পৃথিবীর কথা সে ভাবে না।