আপনার আপনি মন না জান ঠিকানা ।

পরের অন্তরে কোটি সমুদ্দুর কীসে যাবে জানা ।।


পর বলতে পরমেশ্বর

আত্মরূপে করে বিহার

দ্বিদলে বারামখানা ।

শতদল সহস্রদলে

অনন্ত করুণা ।।


কেশের আড়েতে যৈছে

পাহাড় লুকায়ে আছে

দর্শন হল না ।

হেঁট নয়ন যার, নিকটে তার

সিদ্ধ হয় কামনা ।।


সিরাজ সাঁই বলে রে লালন

গুরুপদে ডুবে আপন

আত্মার ভেদ করলে না ।

আত্মা আর পরমাত্মা

ভিন্ন ভেদ জেন না ।।