পদ্মপাতার প’রে জল টলমল করে; কাছেকোনো ফুল তো দেখিনা,

সাধ জাগে, – বড়ো সাধ জাগে –

ডুব দিয়ে দেখে আসি নধর জলে নিচে

আকাশের অভিমুখী উন্মুখ কুঁড়ি আছে কিনা।

হয়তো সে কুঁড়ি

ফোটবার ইচ্ছায় থেকে থেকে – থেকে থেকে

কোন কালে হয়ে গেছে বুড়ি;

কোন কালে তার সব রূপ গেছে প’চে;

হয়তো বা তার আর নেই কোন লেশ।

সাধ জাগে, বড়ো সাধ জাগে-

ডুব দিয়ে দেখে আসি নধর জলে নিচে

এখনো রয়েছে কিনা কোন অবশেষ।