করবী তরুতে সেই আকাঙ্ক্ষিত গোলাপ ফোটে নি ।

এই শোকে ক্ষিপ্ত আমি ; নাকি ভ্রান্তি হয়েছে কোথাও?

অবশ্য অপর কেউ, মনে হয়, মুগ্ধ হয়েছিল,

সন্ধানপর্বেও দীর্ঘ, নির্নিমেষ জ্যোৎস্না দিয়ে গেছে ।

আমার নিদ্রার মাঝে, স্তন্যপান করার মতন

ব্যবহার ক’রে বলেশিহরিত হৃদয়ে জেগেছি ।

হায় রে বাসি না ভালো, তবু এও ধন্যসার্থকতা,

এই অভাবিত শান্তি, মূল্যায়ন, ক্ষিপ্ত শোকে ছায়া ।

তা না হ’লে আস্বাদিত না হবার বেদনায় মদ,

হৃদয় উন্মাদ হয়, মাংসে করে আশ্রয়-সন্ধান ।

অখচ সুদূর এক নারী শুধু মাংস ভোজনের

লোভে কারো কাছে তার চিরন্তন দ্বার খুলেছিলো,

যথাকালে লবণের বিস্বাদ অভাবে ক্লিষ্ট সেও ।

এই পরিনাম কেউ চাই না, হে মুগ্ধ প্রীতিধারা,

গলিত আগ্রহে তাই লবণ অর্থাৎ জ্যোৎস্নাকামী ।