কোথাও ছাপার ভুল হয়ে গেছে৷ ভীষণ, বিচ্ছিরি

এ পদ্য আমার নয়, এই আলপনা, এই পিঁড়ি;

এই ছবি আমি তো আঁকিনি,

এই পদ্য আমি তো লিখিনি৷

এই ফুল, এই ঘ্রাণ, এই স্বপ্নময়,

স্মৃতি নিয়ে এই ছিনিমিনি

এই পদ্য আমি তো লিখিনি৷

আমার পুরোনো খাতা, উড়ছে হাওয়ায়

ছেঁড়া মলাটের নিচে পোকা কাটা মলিন পাতায়

আমের বোলের গন্ধ, ঝরে আছে অমোঘ পলাশ৷

কবেকার সে পলাশ, ধলেশ্বরী নদীটিরে ঘাটে,

একা একা ঝরে পড়ে সে কি সেই উনিশশো পঞ্চাশ?

মদন জাগলার মাঠে

আজও এক বিষন্ন শিমুল

গাছ ভরা, পাতা ভরা ভুল৷

স্মৃতি নিয়ে এই ছিনিমিনি

কোথাও ভীষণ ভুল হয়ে গেছে,

ঐ ছবি আমার নয়, এই পদ্য আমি তো লিখিনি৷